রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হত্যার অভিযোগ

নেত্রকোনায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের একটি জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবক মো. রিপন মিয়া (৩০) কেন্দ্রুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিএডিসি সেচ মটারের জন্য একটি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছিল। খুঁটিতে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো ছিল। নিহতের দুই হাত সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। লাশের আশপাশে তার দুটি স্যান্ডেলও পড়ে ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, রিপন মিয়া অজ্ঞাতনামা একটি চোর চক্রের সঙ্গে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। ট্রান্সফরমার খুলতে খুঁটিতে ওঠার সময় হাই-ভোল্টেজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়েন, ফলে দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। এরপর চোর চক্রের সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তি তাকে উদ্ধার করে বিদ্যাবল্লভ এলাকার খাইরুল ইসলামের জমিতে নিয়ে যান এবং সেখানে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।

ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি মেহেদী মাকসুদ জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও রহস্যজনক। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেছে। ট্রান্সফরমার চুরিতে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন