শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোরেল দুর্ঘটনা কারণ: নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাড

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সম্প্রতি ফার্মগেট মেট্রোরেল স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনার মূল কারণ হিসেবে প্রাথমিক অনুসন্ধানে চিহ্নিত হয়েছে নকশাগত ত্রুটি এবং নিম্নমানের বিয়ারিং প্যাড। তবে তদন্ত কমিটি এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাইনি বলেও তিনি স্পষ্ট করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, কমিটির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট এবং নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত মান অনুযায়ী যথাযথ ছিল না। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, প্যাডটি কিছুটা ঢালু অবস্থায় (০.৮ শতাংশ স্লোপ) বসানো হয়েছিল, যা বিচ্যুতি ঘটার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফার্মগেট স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার এলাইনমেন্ট থাকায় সোজা ও বৃত্তাকার অংশের মধ্যে ট্রানজিশন কার্ড ব্যবহার করা হয়নি। নকশার এই ত্রুটি কমিটির পর্যবেক্ষণে প্রতীয়মান হয়েছে। কার্ড এলাইনমেন্টের জন্য আলাদা মডেলিং বা বিশ্লেষণ করা হয়নি; সোজা অংশের মডেলিং ব্যবহার করেই নকশা প্রণয়ন করা হয়েছিল।

ফাওজুল কবির খান বলেন, ট্রেন চলাকালীন কম্পন পরিমাপে বিচ্যুত প্যাডের স্থানগুলোতে (পিয়ার নং-৪৩০ ও ৪৩৩) অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি লক্ষ্য করা গেছে। কার্ড এলাইনমেন্টের ত্রুটির কারণে এই অংশে অযাচিত পার্শ্ববল এবং অতিরিক্ত কম্পন তৈরি হচ্ছে, যা বিয়ারিং প্যাডের বিচ্যুতির সঙ্গে সম্পর্কযুক্ত।

উপদেষ্টা জানান, দুর্ঘটনার স্থানীয় ট্র্যাকের নিচে ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহৃত হয়নি; শুধু নিকটবর্তী স্টেশনে এটি ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, যদি ওই স্থানে ম্যাস-স্প্রিং ড্যাম্পার থাকত, তবে কম্পন ও ভাইব্রেশন অনেকাংশে কমানো সম্ভব হতো।

কমিটি সুপারিশ করেছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্ড এলাইনমেন্টের সংক্রান্ত স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে না যেতে পারে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিএমটিসিএল ইতিমধ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে।

প্যাডের বিচ্যুতি এবং সিস্টেমগত ত্রুটির মূল কারণ নির্ধারণে থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট কনসালট্যান্টের মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইন পুনঃপর্যালোচনা জরুরি। এছাড়া মেট্রোরেলের সার্বিক প্রকল্প ডিজাইনের জন্য একটি স্বাধীন সেফটি অডিট পরিচালনার সুপারিশ করা হয়েছে।

অন্তিমভাবে কমিটি বলেছে, নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ও সমন্বিত স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম দ্রুত স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি মেট্রোরেল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি পরামর্শকের সহায়তায় স্থানীয় বিশেষজ্ঞদের কাছে প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া আবশ্যক।

শেয়ার করুন