ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেতা তাসনিম জারা তার নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা অনুযায়ী, তিনি বাংলাদেশে চিকিৎসক হিসেবে বছরে ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা উপার্জন করেন। এছাড়া বিদেশি উৎস থেকে তার আয় ৩,২০০ ব্রিটিশ পাউন্ড, যা প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা বাংলাদেশি মুদ্রায়। ফলে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।
হলফনামায় উল্লেখ আছে, তার স্বামী খালেদ সাইফুল্লাহ বিদেশি আয় হিসেবে ৩৯,৮০০ পাউন্ড অর্জন করেন, যা প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকার সমতুল্য। তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০ টাকা এবং তিনি আয়কর হিসাব অনুযায়ী ৩৪,০৫৭ টাকা পরিশোধ করেছেন। ব্যাংকে তার সঞ্চয় খুবই নগণ্য, মাত্র ২৬৪ টাকা জমা রয়েছে।
তার সম্পদের বিবরণ অনুযায়ী, তাসনিম জারার কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমি নেই। তাঁর কাছে নগদ ১৬ লাখ টাকা এবং ২,২৭০ পাউন্ড রয়েছে। এছাড়া ব্যক্তিগত ব্যাংক হিসাবের জমা ১০,০১৯ টাকা। গয়নার মূল্য ঘোষিত হয়েছে ২ লাখ ৫ হাজার টাকা।
স্বামী খালেদ সাইফুল্লাহর কাছে নগদ ১৫ লাখ টাকা এবং ৬,০০০ পাউন্ড রয়েছে। পেশাগতভাবে তাসনিম একজন চিকিৎসক, আর তার স্বামী একজন উদ্যোক্তা ও গবেষক। তিনি ঢাকার খিলগাঁও এলাকার চৌধুরীপাড়ার বাসিন্দা।
তাসনিম জারা ৭ অক্টোবর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমেনা আখতার দেওয়ান এবং বাবার নাম ফখরুল হাসান। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কোনো ঋণ বা সরকারি বকেয়া নেই।





