নতুন বছরের আগ মুহূর্তে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার তিনি নতুন বছরের প্রাক্কালে দেওয়া বক্তৃতায় বলেন, “আমাদের মাতৃভূমিকে পুনর্মিলিত করা সময়ের একটি অনিবার্য ধারা, যা অবশ্যম্ভাবী।”
তাইওয়ান বর্তমানে স্বাধীন সরকার দ্বারা পরিচালিত হলেও চীন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, এটি তাদের অংশ। চীন উল্লেখ করেছে, প্রয়োজনে তারা সামরিক শক্তি প্রয়োগ করেও তাইওয়ানকে নিজের অন্তর্ভুক্ত করবে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই পরিস্থিতি নিয়ে সতর্ক। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে, যদি শি জিনপিং মনে করেন যে সামরিক অভিযান করার সময় এসেছে, তবে চীনের সেনাবাহিনী অভিযান শুরু করতে পারে।
গত সোম ও মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানকে কেন্দ্র করে ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে একটি লাইভ-ফায়ার মহড়া চালিয়েছে। মহড়ায় নৌ, সেনা ও বিমানবাহিনীকে ব্যবহার করে তাইওয়ানের প্রধান বন্দরগুলো ঘিরে ফেলা এবং দখলের কৌশল পরীক্ষা করা হয়েছে। এতে ২০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
এদিকে তাইওয়ান জানিয়েছে, মহড়ার সময় চীন তাদের ভূখণ্ড লক্ষ্য করে ২৭টি মিসাইল ছুড়ে ফেলেছে। এসব মিসাইল তাইওয়ানের উপকূল থেকে ২৭ নটিক্যাল মাইল দূরে পড়েছে। যদিও চীন মহড়া শেষের ঘোষণা দিয়েছে, তাইওয়ান এখনো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ডের ২৫টি জাহাজ তাইওয়ানকে ঘিরে রাখা হয়েছে। এছাড়া দুইটি নজরদারি বেলুনও তাইওয়ানের উত্তর উপকূলের আকাশে উড়ানো হয়েছে।





