কৃষ্ণ সাগরসংলগ্ন রাশিয়ার একটি গ্রামে নববর্ষ উদযাপন রক্তাক্ত হয়ে উঠেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রুশ নিয়ন্ত্রণাধীন খেরসন অঞ্চলের খোরলি গ্রামে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। গতকাল বুধবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির স্যালদো বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তার ভাষ্য অনুযায়ী, নববর্ষ উদযাপন উপলক্ষে খোরলির একটি হোটেল প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছিলেন।
স্যালদো জানান, হামলার আগে সন্ধ্যার দিকে একটি নজরদারি ড্রোন ওই এলাকা পর্যবেক্ষণ করে যায় বলে ধারণা করা হচ্ছে। মধ্যরাতের ঠিক আগমুহূর্তে জনসমাগমের ওপর একের পর এক তিনটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হোটেল এলাকা ও আশপাশে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ড্রোনগুলোর অন্তত একটিতে উচ্চমাত্রার বিস্ফোরক ছিল বলেও উল্লেখ করা হয়।
গভর্নর স্যালদো এই হামলাকে ২০১৪ সালে ইউক্রেনের ওডেসা শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের সঙ্গে তুলনা করেন। সে সময় সরকারবিরোধী ২৪ জন আন্দোলনকারী একটি ভবনে আগুনে পুড়ে নিহত হন। স্যালদোর অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তির কথা বললেও বাস্তবে এমন সহিংস হামলাই তার প্রকৃত অবস্থান প্রকাশ করে।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতেও নববর্ষকে কেন্দ্র করে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি জানান, বুধবার রাতে মস্কোর বিভিন্ন এলাকায় অন্তত নয়টি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেগুলো ভূপাতিত করতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





