মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে ডাইনি সন্দেহে দম্পতিকে পুড়িয়ে হত্যা, মধ্যযুগের বর্বরতার প্রকাশ

ভারতের আসামের কার্বি আংলং জেলায় কুসংস্কারের কারণে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়দের ‘ডাইনি’ সন্দেহে এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনা ঘটেছে হাওরাঘাট থানার ১ নম্বর বেলোগুড়ি মুন্ডা গ্রামে। নিহত দম্পতির নাম গার্দি বিরুয়া (৪৩) এবং মীরা বিরুয়া (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে গ্রামের কয়েকজন ব্যক্তি ওই দম্পতির বিরুদ্ধে ‘ডাইনি’ সন্দেহ নিয়ে হামলা চালায়। প্রথমে তারা দম্পতির বাড়ি ভাঙচুর করে এবং পরে আগুন লাগিয়ে পুরো বাড়িকে ধ্বংস করে। কার্বি আংলং জেলার সিনিয়র পুলিশ সুপার পুষ্পরাজ সিং এ ঘটনায় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, এটি স্পষ্টতই ‘উইচ-হান্টিং’ বা ডাইনি শিকারের একটি নৃশংস ঘটনা। হামলাকারীরা দম্পতিকে বাড়ির উঠানে পুড়িয়ে মারার পর ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তমাখা মাটি, কাঠের লাঠি ও গোবর মেশানো পানি ভর্তি একটি পাত্র উদ্ধার করে। প্রাথমিক অনুমান, অভিযুক্তরা প্রমাণ লোপাটের জন্য গোবর পানি ব্যবহার করেছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ একটি বিশেষ অভিযান শুরু করেছে।

উল্লেখযোগ্য, আসামে ‘ডাইনি শিকার’ রোধে কঠোর আইন থাকা সত্ত্বেও এই ধরনের অপরাধ থেমে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কাউকে ‘ডাইনি’ হিসেবে চিহ্নিত করা একটি দণ্ডনীয় অপরাধ। গত মে মাসে আসাম সরকার এই কুপ্রথা নির্মূলে নতুন নীতিমালা ঘোষণা করলেও, অন্ধবিশ্বাসের বলি হয়ে আরও দুইজনের প্রাণ অকালেই শেষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে।

শেয়ার করুন