সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জানাজা শেষে তাকে প্রয়াত রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
দাফনের সময় সবার আগে কবরের পাশে নামেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাতাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বিকেল সোয়া ৪টায় জিয়া উদ্যানে দাফনের কাজ শুরু হয় এবং কিছুক্ষণ পর তারেক রহমান কবর থেকে উঠে আসেন।

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরদেহ দাফনের জন্য জিয়া উদ্যানে আনা হয়। পথে এবং কবরস্থল এলাকায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। পুরো এলাকা শোকমাখা পরিবেশে ঘিরে থাকে।

দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দাফনের মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য ও ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটলো।





