সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।”
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে জানাজা শুরুর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত মানুষের উদ্দেশে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরেন নজরুল ইসলাম খান। বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার পরিকল্পনা ও নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে বাংলাদেশ বিশ্বদরবারে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে।
বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ, রাজনীতিতে পদার্পণ এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে আনা হয়। তারও আগে দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় জানাজাস্থলে উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





