রাজবাড়ীর গোয়ালন্দের পান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুকারিজ মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমানের দোকান ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মো. খোকন মন্ডলের দোকানের উপর থেকে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দুইটি দোকানেও। মুহূর্তের মধ্যে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসেন, পরে রাজবাড়ি থেকে দুটি ইউনিট যোগ দেয়।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় ব্যবসায়ীরা দ্রুত মালামাল সরানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের পানিতে পাশের চাল বাজারের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে বাজারে এসে তার দোকান আগুনে ভস্মীভূত দেখেন। নগদ টাকা ও মালামালসহ তাদের ক্ষতি অন্তত ৫ কোটি টাকা বলে দাবি করেন।
গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন কুকারিজ ব্যবসায়ী সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, থানার ওসি মো. মমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করা হবে।





