ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু সম্প্রতি প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে ডা. মাহমুদা মিতু সম্প্রতি যে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তা জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা এমন ভাষা ব্যবহার করছেন, যা তাকে জ্বলিয়ে বা কুপিয়ে হত্যার মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলতে পারে। দীর্ঘদিন এসব হুমকির কথা প্রকাশ না করলেও সাম্প্রতিক রাজনৈতিক জোট গঠন এবং নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে হুমকি ও চরিত্রহননের চেষ্টা শুরু হয়েছে বলে তিনি দাবি করেন।
ডা. মাহমুদা মিতু আরও জানান, জোট সংক্রান্ত খবর প্রকাশের পর একটি মহল বানোয়াট ও অসত্য তথ্য ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, সম্পাদিত ছবি বা মানহানিকর কনটেন্ট ছড়ানো হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এসব হুমকিতে তিনি ভয়ভীত নন এবং সমর্থকদের অনুপ্রাণিত হতে, বিচলিত না হওয়ার আহ্বান জানান।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, “গতকাল আমি ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। তবে হুমকি নতুন নয়, এর আগেও আমি এ ধরনের হুমকি পেয়ে আসছি। বিষয়টি পরিবারকে জানিয়েছি এবং গুরুত্ব দিয়ে দেখছি। খুব শিগগিরই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার পরিকল্পনা রয়েছে।”
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





