পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনকে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান মামুনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। দলকে শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।





