আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো ইরানের বিভিন্ন শহরে সাধারণ জনগণ বিক্ষোভে অংশগ্রহণ করেছে। আন্দোলনকারীরা দেশবাসীকে সমর্থনে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে, দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদেরও অনুরোধ করেছেন।
সংবাদমাধ্যম আই২৪নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার মঙ্গলবার পুরোপুরি বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দোকান খোলেননি। রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরে ও বিক্ষোভের চিত্র লক্ষ্য করা গেছে। অনেকে শাহপাহলভি শাসন পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিচ্ছিলেন, যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে চালু ছিল।
বিক্ষোভের প্রেক্ষিতে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ রাজধানীতে পূর্ণ লকডাউন জারি করেছে। সরকারি সূত্র জানাচ্ছে, কঠোর শীত ও জ্বালানি ব্যবহারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজনীয়। তবে সমালোচকরা বলছেন, বাস্তবে লকডাউন প্রধানত বিক্ষোভ দমন করতেই নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে, যার ফলে কিছু স্থানে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। গত সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত বার্তায় মোসাদ জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের দূর থেকে সহায়তা করবে, এবং প্রয়োজন হলে বিক্ষোভস্থলেও কার্যক্রম সমর্থন করবে।





