শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার জোহরের পর খালেদা জিয়ার জানাজা, স্বামীর পাশে দাফন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজের পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসে শোকবই খোলা হবে। একই সঙ্গে জানাজা ও দাফনসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে সভায় আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সভায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণও করেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। তার চলে যাওয়ায় রাজনীতির অঙ্গন হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

শেয়ার করুন