মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক শোকবার্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় লি কিয়াং উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একই সঙ্গে চীনা জনগণের একজন ঘনিষ্ঠ ও পুরোনো বন্ধু। তিনি বলেন, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময়ে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা লাভ করে। সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ স্বার্থের ভিত্তিতে সে সময় দুই দেশের মধ্যে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে ওঠে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যায়।
চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে তুলে ধরে চীনের প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে তার ভূমিকা চীনা সরকার ও জনগণের কাছে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হয়। দুই দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তি সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
শোকবার্তায় আরও বলা হয়, বেইজিং চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চীন আগ্রহী। দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করাই চীনের লক্ষ্য বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে।





