আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার দুটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মানিকগঞ্জ–৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন।
একই দিনে সকালে মানিকগঞ্জ–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবির বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মানিকগঞ্জ–৩ আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আতাউর রহমান আতা বেলা পৌনে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন। একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন বেলা সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সব মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন। এর আগে রোববার বিকেলে মানিকগঞ্জ–২ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান সিংগাইর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।





