বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেনী-১ সংসদীয় আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত দলের অনুমোদন নিয়েই নেওয়া হয়েছে এবং এতে কোনো ব্যতিক্রম নেই। তবে দলের নেতৃত্বের ক্ষেত্রে চেয়ারপারসনের বিকল্প কেউ নেই বলে তিনি উল্লেখ করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, চেয়ারপারসন সরাসরি মাঠে উপস্থিত না থাকলেও নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে দলীয় প্রতিনিধিরা তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ সময় তিনি দলের সিদ্ধান্ত ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
একই আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।





