অপু দাস, স্টাফ রিপোর্টার :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, হত্যাকারী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে র্যাব। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে আলোচিত এক হত্যা মামলার মূলহোতা আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-১-এর যৌথ আভিযানিক দল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৫ বিকাল আনুমানিক সাড়ে ৩টায় রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন লিলি হল মোড়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী চট্টঃ মেট্রো ব-১১-০৭৮০ নম্বরের ‘রাহুল ডিলাক্স পরিবহন’-এর একটি বাসে ওঠেন ভিকটিম মোঃ আলাউদ্দিন (৩৪), তার বোন রুমি খাতুন (২৭) ও শিশুসন্তানসহ পরিবারের সদস্যরা। তারা গোদাগাড়ী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
বাসে ওঠার পর বসার কোনো আসন না পেয়ে ভিকটিম হেলপারের কাছে সিট দেওয়ার অনুরোধ করলে চালক, হেলপার ও সুপারভাইজার তা উপেক্ষা করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার ভিকটিমকে মারধর করেন। পরে চালকের নির্দেশে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়া এলাকায় (মাজেদ অ্যান্ড সন্স স্টক ইয়ার্ডের সামনে) চলন্ত বাস থেকে ভিকটিমকে সড়কে ফেলে দেওয়া হয়।
এতে ভিকটিম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। ঘটনার সময় ভিকটিমের বোন প্রতিবাদ করলে তাকেও বাস থেকে নামিয়ে দেওয়া হয়। শিশুটিকে বাসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে স্থানীয়দের সহায়তায় কিছু দূর গিয়ে বাসটি থামানো হয়। এ সময় চালক, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়।
পরে ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর ভিকটিমের ভাই দুলাল হোসেন বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
উক্ত ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী ও র্যাব-১ সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা ৫ মিনিটে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মোহাম্মদী নগর লতিফপুর এলাকা থেকে মামলার মূলহোতা বাসচালক মোঃ রুবেল ইসলাম (২৯) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।





