রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির নেতা সামান্তা শারমিন জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটবদ্ধ হওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি তাঁর পোস্টে এনসিপির আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের সঙ্গে মিলবিত্তিক কোনো জোটের বিরোধিতা করেন।
সামান্তা শারমিন উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতের দায়িত্বশীল নেতারা দাবি করেছেন যে, তাদের ‘জুলাই স্পিরিট’ এবং দেশের ভাবনার সঙ্গে একমত যে কোনো দল তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে যে নীতি ও রাষ্ট্রকল্প অনুসরণ করে, তা জামায়াতের সঙ্গে পুরোপুরি ভিন্ন। এনসিপি গঠিত হয়েছে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিকের ভিত্তিতে। তাই এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক জোট গ্রহণযোগ্য নয়।
নিজের অবস্থানকে দলের গত দেড় বছরের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে জামায়াত সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করেছিল। এই কারণে এনসিপির আহ্বায়ক পূর্বেই স্পষ্ট করেছিলেন, যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট করা সম্ভব নয়। এই নীতির ভিত্তিতে জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে। সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বানও এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে।”
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন আরও উল্লেখ করেছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাব্য সমস্যা তুলে ধরার মানে তিনি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন না। বরং তিনি বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে প্রকাশিত এনসিপির অবস্থানকে সঠিক মনে করেন এবং নিজেকে দলের আদর্শের সৈনিক হিসেবে বিবেচনা করেন।
তিনি আরও জানান, বিএনপি বা জামায়াত যেকোনো দলের সঙ্গে জোট গঠন করলে তা এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক নীতি থেকে সরে গিয়ে তৈরি হবে।





