ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর তথ্যের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর প্রায় ১০ ঘণ্টার সময় ধরে কিয়েভ ও এর আশপাশের এলাকায় রুশ সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় প্রায় ৫০০ ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অনেকগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ায় অন্তত দুইজন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাও গুরুতর বলে জানানো হয়েছে।
রাশিয়ার এই হামলার লক্ষ্য ছিল কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ও শক্তি পরিকাঠামো। হামলার ফলে কিয়েভ ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিয়েভের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে এক মিলিয়নেরও বেশি পরিবার বিদ্যুতের অভাবে সমস্যার সম্মুখীন। হামলার প্রাথমিক পর্যায়ে, সন্ধ্যারাতেই প্রায় ৭৫ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই হামলা কিয়েভের দৈনন্দিন জীবন ও বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করেছিল এবং প্রাথমিকভাবে রাশিয়ার উদ্দেশ্য কিছুটা সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, তবে এখনও বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ চলমান আছে।ৃৃ





