সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে তালাইমারী মোড়ে মহাসড়ক অবরোধ

অপু দাস, স্টাফ রিপোর্টার :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পরিচিত মুখ শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা আজ বিকেল প্রায় ৩টার দিকে নগরীর তালাইমারী মোড়ে এ কর্মসূচি শুরু করেন। এ সময় রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ন্যায়বিচার ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।
দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরালো করার ঘোষণাও দেন তারা। প্রয়োজনে সারাদিন রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে।
শেয়ার করুন