বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-পাঁচলাইশ) আসন থেকে প্রার্থী হিসেবে থাকলেও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করবেন। চট্টগ্রাম-১০ আসনে দলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্যকে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি জানান, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।”
এর আগে, ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। এই আসনে প্রার্থী প্রত্যাশী ছিলেন আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু এবং চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান।
উল্লেখ্য, ৩ নভেম্বর সালাউদ্দিনকে চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় দলের পক্ষ থেকে কয়েকজন নেতা-বর্গকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, সালাউদ্দিনের সমর্থকরা আনন্দ মিছিল পরিচালনা করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে নিজ নিজ কর্মসূচি পালন করে আসছিল।





