গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) কোস্টগার্ড ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। গত পাঁচ দিনের মধ্যে এ অঞ্চলে সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা এখন ৮৪০-এ পৌঁছেছে। কোস্টগার্ডের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া অভিবাসীরা একটি মাছ ধরার নৌকায় ছিলেন, যা ক্রিটের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাভদোসের প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের সবাইকে নিরাপদে গাভদোস দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে। তবে তাদের জাতীয়তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর চেষ্টা করার সময় বিপজ্জনক এই সমুদ্রপথে অনেক অভিবাসীর মৃত্যু ঘটে। চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যারা মূলত সুদান ও মিসরের নাগরিক ছিলেন। সেই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ হন এবং মাত্র দুইজন প্রাণে বেঁচে যান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, এই বছর শুরু থেকে এ পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ১৬ হাজার ৭৭০-এর বেশি মানুষ ক্রিট দ্বীপে আসতে সক্ষম হয়েছেন, যা গ্রিসের অন্যান্য দ্বীপের তুলনায় সবচেয়ে বেশি। অভিবাসীর চাপ বাড়ায় গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করে, বিশেষভাবে লিবিয়া থেকে আগতদের ক্ষেত্রে, যা তারা অত্যাবশ্যক হিসেবে উল্লেখ করেছে।





