ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্র ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পোরসা–জোতাই বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। রাতে বাড়ির সামনে আগুন পোহাতে বসেছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজনকে গোয়ালিয়রের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন—৬৫ বছর বয়সী রাম দত্ত রাঠোর এবং ১০ বছর বয়সী শিশু অর্ণব লক্ষ্যকর। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন পোরসা এলাকার বিজেপি যুব মোর্চার গ্রামীণ ইউনিটের সহসভাপতি দীপেন্দ্র ভাদৌরিয়া। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা লাগার পর আহতরা কয়েক ফুট দূরে ছিটকে পড়েন। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত চালককে আটক করে মারধর করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। তবে পুলিশি হেফাজত থেকেই অভিযুক্ত পালিয়ে যাওয়ায় নতুন করে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ তাকে পালাতে সহায়তা করেছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় ২০ মিনিট ধরে পোরসা–জোতাই সড়ক অবরোধ করে রাখেন। আহতদের একজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি হাসপাতালে যাবেন না।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে এবং ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।





