শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মো. রাশেদ খাঁন বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) থেকে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও বলেন, এটি বিএনপির সর্বসম্মত সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের রাশেদ খাঁনের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টার অনুরোধ করেন।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগপত্রে রাশেদ খাঁন উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নুরুল হক নুরের সঙ্গে রাজপথে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এই সময়ে তার কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতি দেওয়ায় তিনি নুরুল হক নুরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দল ও সহকর্মীদের জন্য শুভকামনা ও দোয়া কামনা করেন।





