শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশেদ খানের পদত্যাগ ও বিএনপিতে যোগদান নিয়ে, যা বললেন ভিপি নুর

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করেছেন এবং বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে যুগান্তরের সঙ্গে আলাপকালে নুরুল হক বলেন, রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগের পর বিএনপির সদস্য পদ গ্রহণ করবেন এবং দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নুরুল হক আরও জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোটকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন পরিচালনা করেছিল। সেই আন্দোলনের পর থেকে রাষ্ট্র সংস্কার ও নতুনভাবে দেশের রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে আসা হয়েছে। আন্দোলন এবং গণঅভ্যুত্থান কার্যত বিএনপির নেতৃত্বে সম্পন্ন হয়েছে এবং দলটির সমন্বয়ের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি জানান, গত দেড় বছরে দলের অভ্যন্তরে সমন্বয় ও আলোচনা শেষে রাশেদ খানের নির্বাচনে জয়ের কৌশলের অংশ হিসেবে তাকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। রাশেদ খান পদত্যাগের মাধ্যমে বিএনপির সদস্য হয়ে নির্বাচনে অংশ নেবেন। পদত্যাগের পর শিগগিরই দলের পক্ষ থেকে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন