মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

একরামুল হক (পানছড়ি প্রতিনিধি): 
খাগড়াছড়ির পানছড়ি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী ভারতীয় মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার  (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল অভিযানের নেতৃত্ব দেন জেসিও-নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন। ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিম-উত্তর দিকে অবস্থিত কানুনগো পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
এ সময় টহল দল ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় বিয়াল্লিশ হাজার সাতশ টাকা।
বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
শেয়ার করুন