অপু দাস ( রাজশাহী ):
রাজশাহীতে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আবহ বিরাজ করছে।
সকালে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে সিটি চার্চসহ নগরীর অন্যান্য গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবমুখর হয়ে উঠেছে। ঘরবাড়ি সাজানো, ধর্মীয় সংগীত পরিবেশন ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।
ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা। তারা বড়দিনের তাৎপর্য ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে নগরীর চার্চগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





