বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় বহু হতাহত, অন্তত ১১ জনের মৃত্যু আশঙ্কা

ভারতের কর্ণাটকে চিত্রদুর্গ জেলার হিরিয়ুর এলাকায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক ৪৮-এ একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে বিলাসবহুল স্লিপার বাসের সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, গোকর্ণাগামী ওই বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায় এবং বেশিরভাগ যাত্রী বাসের ভেতরেই পুড়ে মারা যান। ইস্ট জোনের আইজি রবি কান্থে গৌড়া জানিয়েছেন, বাসটি পুরোপুরি আগুনে ঢাকা পড়ে। বাসের চালক ও হেলপার প্রাণে বেঁচে গেলেও ট্রাকের চালক ও তার সহকারী নিহতদের মধ্যে রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুর্ঘটনার মূল কারণ ট্রাক চালকের অবহেলা। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে পুনে ও মুম্বাইগামী সড়কে চলাচলরত ট্রাকটি ডিভাইডার পেরিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায়। একই সময়ে পাশ দিয়ে যাওয়া একটি স্কুলবাসও আগুনে পোড়া বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে সৌভাগ্যবশত, ওই বাসে থাকা ৪৮ শিক্ষার্থীর কেউ আহত হয়নি। স্কুলবাসের চালকের দেওয়া তথ্য রেকর্ড করা হচ্ছে এবং তদন্ত চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি ফায়ার টেন্ডার পাঠানো হয়। পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে যোগ দেয়। দমকলকর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে মরদেহ উদ্ধারের কাজ চলেছে সকাল ৮টা পর্যন্ত।

দুর্ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চাইবেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন