ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তে উঠে এসেছে, এই চক্রটির মূল সমন্বয়কের ভূমিকায় ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভী।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ওই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে লাইভে আসার মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের হুমকি দিয়ে পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।
পুলিশ আরও জানায়, নিজের ভাইরাল পরিচিতি কাজে লাগিয়ে সুরভী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।





