বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রোনালদোর ক্লাব আল নাসর মুক্তি পেল ফিফার শাস্তি থেকে

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে বড় স্বস্তির বার্তা পেয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ক্রিস্তিয়ানো রোনালদোর বর্তমান ক্লাবটির ওপর আরোপিত খেলোয়াড় নিবন্ধন সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল আল নাসরের জন্য।

ফিফা আনুষ্ঠানিকভাবে আল নাসরের বিরুদ্ধে দেওয়া শাস্তি পুরোপুরি বাতিল করেছে এবং সংশ্লিষ্ট মামলাটি বন্ধ ঘোষণা করেছে। মূলত খেলোয়াড় ট্রান্সফার ঘিরে একটি পুরোনো আর্থিক জটিলতার কারণেই ক্লাবটি শাস্তির মুখে পড়েছিল। সেই আর্থিক বিরোধ নিষ্পত্তি হওয়ায় ফিফা এই সিদ্ধান্তে পৌঁছায়।

সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে ডিফেন্ডার আইমেরিক লাপোর্তকে দলে ভেড়ানোর সময় চুক্তিভিত্তিক অর্থ সময়মতো পরিশোধ না করায় আল নাসরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ফিফা। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ আগস্টের মধ্যে ম্যানচেস্টার সিটিকে ৯০ লাখ ইউরো দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় শাস্তি কার্যকর করা হয়েছিল।

এর আগেও, রোনালদো আল নাসরে যোগ দেওয়ার কয়েক মাস পর ২০২৩ সালের জুলাই মাসে একই ধরনের কারণে ক্লাবটি ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ে। একাধিকবার এমন পরিস্থিতিতে পড়লেও এবার সব ধরনের জটিলতা কাটিয়ে উঠে ক্লাবটি স্বাভাবিক কার্যক্রমে ফিরছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন নতুন খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা থাকছে না।

এদিকে ২০২৫–২৬ মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আগামীকাল রাতে ইরাকের ক্লাব আল জাওরা এসসির বিপক্ষে মাঠে নামবে আল নাসর। তবে এই ম্যাচে দলে থাকছেন না পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ধারণা করা হচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে ম্যাচে আবারও মাঠে দেখা যেতে পারে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডকে।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে আল নাসর। লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা চার পয়েন্টে এগিয়ে। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল রোনালদো লিগে এখন পর্যন্ত ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। তার চেয়ে মাত্র এক গোল বেশি করে তালিকার শীর্ষে রয়েছেন তারই জাতীয় দল ও ক্লাব সতীর্থ হোয়াও ফেলিক্স।

শেয়ার করুন