মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও স্বাগত মিছিল

অপু দাস (স্টাফ রিপোর্টার):
রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে নতুন গতি দেবে। তিনি বলেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও তারেক রহমান দেশের মানুষের মন থেকে কখনো বিচ্ছিন্ন হননি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার চেষ্টা সফল হয়নি। তিনি আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “নির্বাচনের ধারাবাহিকতা শুরু হয়েছে, তা আর থামানো সম্ভব নয়। সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে। বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চায়।” তারেক রহমানের প্রত্যাবর্তন এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান বলেন, তারেক রহমানের দেশে ফেরা শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, এটি গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা। দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হলেও দেশের মানুষের ভালোবাসা থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়নি। তিনি নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে স্বাগত মিছিলে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে।
শেয়ার করুন