সাম্প্রতিক সময় বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়েছে। ভারতের ভেতরে বাংলাদেশের হাই কমিশন লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঘটনায় উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর এক নেতা ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি নামের ওই যুব নেতা বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করে বা বাংলাদেশের দিকে কু-নজর রাখে, তবে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র অত্যন্ত কাছাকাছি রয়েছে।”
উসমানি আরও বলেন, যদি ভারত ‘অখণ্ড ভারত’ ধারণা বাংলাদেশে চাপিয়ে দিতে চায়, পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি দাবি করেন, সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড বাংলাদেশের শান্তি বিঘ্নিত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।
এ সময় উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানকে পারস্পরিক ঘাঁটি স্থাপন করে যৌথ সামরিক প্রস্তুতি গ্রহণ করা উচিত।”
যদিও উসমানির এই মন্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের, এখনও পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এই বিষয়ে মুখ খোলেনি।
বিশ্লেষকরা মনে করেন, এমন ধরনের বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রাখে।





