মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়ন বঞ্চিত হলে রুমিন ফারহানা,স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে আসনভিত্তিক সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই সমঝোতার আওতায় চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীব। ফলে ওই আসনে বিএনপির দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

তবে মনোনয়ন না পেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না রুমিন ফারহানা। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক দোয়া ও মতবিনিময় সভায় তিনি এ ইঙ্গিত দেন। ওই অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এরপর থেকেই তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

মাওলানা জুনায়েদ আল-হাবীব কওমি মাদ্রাসাভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি। পাশাপাশি তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয় পর্যায়ে তার পরিচিতি ও সাংগঠনিক অভিজ্ঞতা নির্বাচনে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন