ইমরান হোসাইন (সোনারগাঁও প্রতিনিধি) :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ‘সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার রাতে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় যুবশক্তি (এনসিপি) নারায়ণগঞ্জের সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ‘সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাকে লক্ষ্য করে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে তার ছবি ছাড়াও জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অনিক খাঁন সিয়ামের ছবি ব্যবহার করা হয়। পোস্টে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেওয়া হয়। সেখানে লেখা হয়— “লিস্টে রাখলাম হঠাৎ করেই সোনারগাঁবাসী দেখবে লাশ।”
মো. জাহিদুল হক বলেন, “পোস্টটিতে উসকানিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছি।”
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমীন বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে জিডি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আমরা কেন্দ্রীয় নেতারা অবগত রয়েছি। প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে।”
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, “এ ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক আইডিটি সনাক্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





