মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে অবৈধ অ্যালকোহলসহ আটক ১

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে অবৈধ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকার কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল। অভিযানটি পরিচালিত হয় মৃত নাসির উদ্দীনের আমবাগানের পূর্ব শেষ প্রান্ত এবং আকবর আলী ইটখামার সংলগ্ন এলাকায়।

অভিযানকালে মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা—মোঃ লুৎফর, সাং—ক্ষিদ্রখলসি, থানা—দুর্গাপুর, জেলা—রাজশাহীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি জানতে পারে যে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে প্রায় ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের মধ্যে বিক্রি করে আসছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল অভিযুক্তের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে।

পরবর্তীতে রাতের দিকে নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে মোট ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন