সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে অনুষ্ঠিত হলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন

অপু দাস, স্টাফ রিপোর্টার রাজশাহী :
রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। সমাবর্তনের চেয়ার হিসেবে তিনি শিক্ষার্থীদের হাতে ডিগ্রি প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও প্রকৌশলী এবং কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এ ছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য দেন।
সকাল সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন কার্যক্রম শুরু হয়। এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত বিভিন্ন সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন। ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগসহ মোট ৫ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী এ সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেন।
শেয়ার করুন