শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে এসে কিছুক্ষণ উচ্চস্বরে স্লোগান ও চিৎকার করেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের সামনে এসে অবস্থান নেন। তারা মূল ফটকের কাছে দাঁড়িয়ে কিছু সময় চিৎকার করেন এবং বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে বিভিন্ন কথা বলেন। তাদের বক্তব্যের মধ্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাইকমিশনারকে উদ্দেশ করে উসকানিমূলক কথা শোনা যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার জানান, বক্তব্যের ধরন থেকে এমন ইঙ্গিত পাওয়া যেতে পারে। তিনি বলেন, তারা হিন্দি ও বাংলা মিলিয়ে এমন কথা বলেছে, যার মধ্যে ছিল হিন্দুদের ক্ষতি হলে তার জবাব দেওয়া হবে এ ধরনের হুমকিমূলক বক্তব্য।
ঘটনার পরপরই হাইকমিশনের নিরাপত্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। জানা গেছে, ওই ব্যক্তিরা চলে যাওয়ার পর রাতেই হাইকমিশনার জরুরি ভিত্তিতে হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা কেবল ফটকের সামনে এসে চিৎকার করে চলে গেছে এবং কোনো ধরনের ভাঙচুর বা সহিংস কার্যক্রম ঘটায়নি। তবে পুরো ঘটনাটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





