বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (নেত্রকোণা )

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি, প্রবাসী মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে সকাল ১১টায় রাজুর বাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কার্যালয়ে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরের স্টল স্থান পায়, যেখানে বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ, ঋণ ও নিরাপদ অভিবাসন বিষয়ে তথ্য প্রদান করা হয়।

দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১১টায় টিটিসি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, জেলা প্রেসক্লাবের সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, রূপালী ব্যাংকের এজিএম মোঃ আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মেহেদী হাসান, মদন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফুল মিয়া, টিটিসির ইন্সট্রাক্টর মোঃ শাকিল মোস্তফা, লন্ডন প্রবাসী কর্মী মোহাম্মদ মাসুম এবং মালয়েশিয়া প্রবাসী কর্মী রাতুল খান রাজু।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীর উচিত অন্তত একটি বিষয়ে দক্ষতা অর্জন করা এবং গন্তব্য দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নেওয়া। এতে যোগ্যতা অনুযায়ী বেশি আয় করা সম্ভব হওয়ার পাশাপাশি বিদেশে সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পায়।

অনুষ্ঠান শেষে বিদেশগামী কর্মীদের মাঝে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন