ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের দাবি করেছে র্যাব। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
তবে আটক ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন বলে জানিয়েছে র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ফয়সাল শুটার ফয়সালের শ্যালকের বন্ধু।
র্যাব জানায়, র্যাব-১১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান চালায়। অভিযানের সময় পানির ভেতর থেকে সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।





