শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাবা শরিফ অবমাননার অভিযোগে ফরিদপুরে যুবক আটক

ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি স্টোরিতে দেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে ঘটে। গ্রেফতার সাগর মণ্ডলের বাড়ি শাকরাইল গ্রামে। তার বাবার নাম শ্রীকান্ত মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র কাবা শরিফ অবমাননা করে স্টোরিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা দেখা দিলে সন্ধ্যায় গোড়াইল বাজার এলাকায় কয়েকশ মানুষ প্রতিবাদে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা সাগর মণ্ডলকে আরিফ ডাক্তারের ফার্মেসির ভিতর আটকে রাখেন, যেখানে তিনি সহকারী হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে রাতেই পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আরও মানুষ জমায়েত হওয়ায় উত্তেজনা বাড়লেও উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এরপর নগরকান্দা থানা পুলিশ সাগর মণ্ডলকে আটক করে।

নগরকান্দা ইউএনও দবির উদ্দিন জানান, ফেসবুকে আপত্তিকর পোস্টের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন