মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানি বাহিনী প্রস্তুত যেকোনো হুমকি মোকাবিলায়

ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনী সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয় এবং স্থল, আকাশ ও সমুদ্রে যেকোনো হুমকি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার তেহরানে ইরানের বিমানবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এই খবর প্রকাশ করেছে।

অ্যাডমিরাল সাইয়ারি বলেন, “খেলাধুলা মানুষের সুস্থতার জন্য অপরিহার্য। অসুস্থ সমাজ কখনো অগ্রগতি করতে পারে না। সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের সুস্থ, শক্তিশালী ও দেশের ভবিষ্যৎ রক্ষায় সক্ষম করে।”

তিনি তিরন্দাজির গুরুত্বও তুলে ধরেন। বলেন, “তিরন্দাজি শুধুই খেলা নয়; এটি আমাদের ধর্মীয় ও ঐতিহ্যিক সংস্কৃতির অংশ। পৌরাণিক বীর আরাশ দ্য আর্চার সাহস ও বীরত্বের প্রতীক।”

অ্যাডমিরাল আরও উল্লেখ করেন, ইরানি বাহিনীর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কেবল পদক জেতার জন্য নয়। “আমরা এই সুযোগে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ইসলামী ও বিপ্লবী মূল্যবোধ এবং বীরোচিত মনোভাব বিশ্বের সামনে তুলে ধরতে চাই। অংশগ্রহণকারী দেশগুলো যেন উপলব্ধি করে—এটি এক প্রাচীন ও মূল্যবোধসমৃদ্ধ ভূমি।”

শেষে তিনি ইরানের জেনারেল স্টাফ, বিমানবাহিনী ও তিরন্দাজি ফেডারেশনকে ধন্যবাদ জানান। বলেন, “তাদের এই উদ্যোগ ইরানের গৌরব ও ঐতিহ্যের উচ্চ মানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।”

শেয়ার করুন