মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আরব সাগরে ১০০ কোটি ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী

সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পরিচালিত পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় ১০০ কোটি ডলারের মাদকদ্রব্য জব্দ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিএমএফ বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে পাকিস্তান নৌবাহিনী ওই নৌযানগুলোকে আটক করে এবং ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মাদক জব্দ করে।

প্রথম নৌযানটিতে ১৮ অক্টোবর অভিযান চালিয়ে ক্রুরা আনুমানিক ৮২ কোটি ২৪ লাখ ডলারের দুই টনের বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন (আইস)’ জব্দ করে। এরপর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় নৌযানটিতে অভিযান চালিয়ে ১৪ কোটি ডলারের ৩৫০ কেজি আইস এবং এক কোটি ডলারের ৫০ কেজি কোকেন উদ্ধার করা হয়।

সিএমএফ জানিয়েছে, এই নৌযানগুলো কোনো জাতীয়তা বহন করে না। অভিযানগুলো সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সমর্থনে পরিচালিত হয়েছে।

সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার, সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াইদ বলেন, এটি সিএমএফের জন্য অন্যতম সফল মাদক উদ্ধার অভিযান।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, সিএমএফ হলো ৪৭টি দেশের সমন্বয়ে গঠিত একটি নৌ অংশীদারি, যা বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং লেনসহ ৩২ লাখ বর্গমাইলের বেশি জলসীমা পরিদর্শন করে চোরাচালান রোধে কাজ করে।

পাকিস্তান নৌবাহিনী একটি পৃথক বিবৃতিতে উল্লেখ করেছে, এই সাফল্য আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে তাদের অটল প্রতিশ্রুতিকে প্রদর্শন করে।

শেয়ার করুন