নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি)। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রস্তুত থাকার এবং কারো পক্ষে কাজ না করার কঠোর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি, “অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে” – এমন আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনওদের উদ্দেশ্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
এ সময়, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ইউএনওদের সততা ও সাহসের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে আপনাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। সরকারও এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত।”
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। তিনি আরও বলেন, “এই নির্বাচনের পরিবেশ প্রস্তুত করতে ইউএনওদের এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে এবং কারো পক্ষের হয়ে কাজ করা যাবে না।”
ইসি সানাউল্লাহ বলেন, “সরকারের পক্ষ থেকে নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি, যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হয়।”
অন্যদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সরকারি কর্মকর্তাদের সততা ও শক্তির ওপর জোর দেন। তিনি স্বীকার করেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে এখন আর সেই ভয় নেই। “তত্ত্বাবধায়ক সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছি,” – বলেন তিনি।
এছাড়া, সরকারি কর্মকর্তাদের সততা সম্পর্কে তিনি বলেন, “এই নির্বাচনে আপনাদের সততা ও নিষ্ঠা প্রদর্শন করার সুবর্ণ সুযোগ রয়েছে। ভয়ের কিছু নেই। হিম্মত নিয়ে কাজ করুন, কারণ এটি শুধু নির্বাচনের নয়, আমাদের অস্তিত্বের প্রশ্ন।”
নির্বাচন কমিশনার আরও বলেন, “শিডিউল ঘোষণা হওয়ার পর আশেপাশে কেউ থাকবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি মোবাইল কোর্টের কার্যক্রম আরো বেশি স্বচ্ছ এবং নিয়মিত করার নির্দেশ দেন, এবং বলেন, “দুই পক্ষ থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
বাংলার চোখ নিউজ





