আশিকুর রহমান, (জবি প্রতিনিধি):
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে’ ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপহার সামগ্রী দুটি হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা’র কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রী হলের আাবাসিক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “ওয়াশিং মেশিন না থাকায় কাপড় ধোয়ার জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হতো। এখন থেকে আমরা সহজেই কাপড় ধুয়ে শুকাতে পারব, কারণ এই মেশিনে ধোয়া ও শুকানোর সুবিধা দুটোই রয়েছে।” হস্তান্তর অনুষ্ঠানে প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, “জকসুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রীদের প্রয়োজন অনুযায়ী নানা উপহার দিচ্ছে। আজ ছাত্রশিবির ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার দিয়েছে। তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করি, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের বোনদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ওয়াশিং মেশিন ও ঠান্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করা। আমরা তাদের সেই দাবি পূরণ করেছি। ভবিষ্যতেও ছাত্রীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”





