সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোট ছাড়া নির্বাচন নয় : জুলাই সনদ কার্যকরে নভেম্বরে ভোট দাবি নাজমুল হক সাঈদীর 

 

মোহাম্মদ গোলাম মোস্তফা :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে দলের সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন, “জুলাই সনদকে কার্যকর করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ জরুরি।” তিনি আরও বলেন, “এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।” গতকাল শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দড়িপাড়া নান্টুর মোড়ে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

 

 

গণসমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, বকশীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জামায়াত নেতা হাজী রাসেল মাহমুদ, অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, আব্দুল মুকিত, রাশেদুল ইসলাম রাশেদী, আশরাফুল হক ও হোসাইন আহমদ প্রমুখ। নাজমুল হক সাঈদী বলেন, “রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের ১৪ মাস পর জুলাই সনদকে ঘিরে দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্য জাতির জন্য আশার আলো। তবে এখনো গণভোটের সময়সূচি নিয়ে মতানৈক্য জাতিকে ব্যথিত করছে।” তিনি আরও বলেন, “জুলাই আমাদের ইতিহাস, জুলাই আমাদের স্বাধীনতা, জুলাই আমাদের গণতন্ত্রের চেতনা। এই চেতনার বাস্তবায়ন বিলম্বিত করা মানে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা।”

 

 

তিনি অবিলম্বে জুলাই সনদের আইনি কাঠামো প্রণয়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, “জুলাই সনদের বাস্তবায়নই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।”

শেয়ার করুন