বাংলার চোখ নিউজ :
শীতের সকালে লেপের উষ্ণতা ছেড়ে বাইরে বের হতে অনেকেরই অনীহা থাকে। কিন্তু ঠান্ডা আবহাওয়া শুধু আরাম-আয়েশেই প্রভাব ফেলে না, শরীরের ভেতরেও তৈরি করতে পারে নানা পরিবর্তন। বিশেষ করে হৃদযন্ত্রের ওপর এ সময় বাড়তি চাপ পড়ে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রক্তনালি সংকুচিত হতে পারে, বেড়ে যেতে পারে রক্তচাপ।
পাশাপাশি রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকিও তৈরি হয়। যাদের আগে থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য শীতকাল তাই বাড়তি সতর্কতার সময়। বিশেষ করে ভোরে ঘুম থেকে ওঠার পর অসতর্ক চলাফেরা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। শীতকালে কেন বাড়ে হৃদ্রোগের আশঙ্কা, কারা বেশি ঝুঁকিতে এবং কীভাবে হৃদযন্ত্র ভালো রাখবেন, জেনে নিন।
শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?
শীতের সময় শরীর নিজের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে। এ কারণে ত্বকের কাছাকাছি থাকা রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে ভ্যাসোকনস্ট্রিকশন বলা হয়। এর ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হতে পারে এবং রক্তচাপ বেড়ে যায়। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে হৃদ্যন্ত্রকে তখন তুলনামূলক বেশি পরিশ্রম করতে হয়।
এছাড়া ঠান্ডায় শরীরের স্নায়ুতন্ত্রের কিছু কার্যক্রম সক্রিয় হয়ে হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়াতে পারে। রক্ত জমাট বাঁধার সঙ্গে যুক্ত প্লাটিলেটের কার্যকারিতাতেও পরিবর্তন আসতে পারে। যাদের হৃদযন্ত্রের ধমনিতে আগে থেকেই চর্বি বা প্লাক জমে রয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। ধমনিতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে হার্ট অ্যাটাকের আশঙ্কা তৈরি হয়।
শীতের ভোরে কেন বাড়তি সতর্কতা প্রয়োজন?
দিনের অন্যান্য সময়ের তুলনায় ভোরে ঘুম থেকে ওঠার পর শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন ঘটে। এ সময় রক্তচাপ, হৃদস্পন্দন এবং কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে হৃদযন্ত্রের কাজের চাপও বেড়ে যায়।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুনীল কুমার মণ্ডলের মতে, শীতের ঠান্ডা পরিবেশে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে চলাফেরা করলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ঘুম থেকে উঠেই ঠান্ডা বাথরুমে যাওয়া কিংবা প্রস্তুতি ছাড়াই দ্রুত হাঁটাহাঁটি করা ঝুঁকি বাড়াতে পারে। তাই শীতের সকালে ধীরে ধীরে বিছানা ছাড়া এবং শরীরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া জরুরি।
শীতকালে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্র ও রক্তনালির স্বাভাবিক কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে। ফলে প্রবীণদের ক্ষেত্রে শীতের ঠান্ডা আবহাওয়া হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদেরও এ সময় সতর্ক থাকা প্রয়োজন। কারণ ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদ্যন্ত্র ও রক্তনালির জটিলতার ঝুঁকি আগে থেকেই বেশি থাকতে পারে।
তাই শীতকালে তাদের নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পর্যবেক্ষণ জরুরি। যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে, তাঁদেরও এ সময় হৃদস্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিতে হবে। পাশাপাশি করোনারি ধমনিতে স্টেন্ট বসানো কিংবা বাইপাস সার্জারি করিয়েছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের নির্দেশনা মেনে চলা প্রয়োজন।
এছাড়া হার্ট ফেইলিউরে আক্রান্ত ব্যক্তিদেরও শীতকালে সতর্ক থাকতে হবে। কারণ তাদের হৃদযন্ত্র শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে পারে না। ফলে ঠান্ডা আবহাওয়ায় হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে।এছাড়া নিয়মিত ধূমপান করেন এমন ব্যক্তিদেরও শীতকালে হৃদ্রোগের ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
শীতে হৃদযন্ত্র ভালো রাখতে যা করবেন
শীতকালে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ কমাতে দৈনন্দিন জীবনযাপনে কিছু বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। কয়েকটি অভ্যাস মেনে চলতে পারেন।
সকালে ধীরে বিছানা ছাড়ুন
ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে দাঁড়িয়ে পড়বেন না। প্রথমে কিছুক্ষণ বিছানায় বসে থাকুন। এরপর ধীরে ধীরে উঠে স্বাভাবিক কাজ শুরু করুন।
গরম পোশাক পরুন
বাইরে বের হওয়ার সময় শরীর ভালোভাবে ঢেকে রাখুন। বিশেষ করে মাথা, ঘাড়, হাত ও পা ঠান্ডা থেকে সুরক্ষিত রাখুন। ঘর ও বাথরুমের পরিবেশও যথাসম্ভব আরামদায়ক উষ্ণ রাখার চেষ্টা করুন।
ব্যায়ামের সময় বুঝে নিন
শীতের ভোরে ঠান্ডার মধ্যে হাঁটতে বের না হয়ে আবহাওয়া কিছুটা উষ্ণ হলে ব্যায়াম করতে পারেন। ব্যায়ামের আগে ওয়ার্মআপ করুন। বাইরে বায়ুদূষণ বেশি থাকলে ঘরের ভেতরে ব্যায়াম করাও ভালো বিকল্প হতে পারে।
ওষুধে অনিয়ম করবেন না
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদ্রোগের ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত গ্রহণ করুন। রক্তচাপ স্বাভাবিক থাকলেও নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না।
খাবারের দিকে নজর দিন
অতিরিক্ত লবণ, তেল ও চর্বিযুক্ত খাবার কমিয়ে দিন। শাকসবজি, ফলমূল ও সুষম খাবার রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়। ধূমপান এড়িয়ে চলুন।
হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ অবহেলা করা যাবে না
শীতকালে হৃদরোগের ঝুঁকি থাকুক বা না থাকুক, হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে সবারই সচেতন থাকা প্রয়োজন। কারণ লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা গেলে প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব। বুকে ব্যথা, চাপ বা ভারী কিছু চেপে বসার মতো অনুভূতি হলে সতর্ক হতে হবে।
এই ব্যথা কখনো হাত, পিঠ, ঘাড় বা চোয়ালেও ছড়িয়ে পড়তে পারে। এর পাশাপাশি হঠাৎ শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম, বমিভাব বা বমি, মাথা ঘোরা কিংবা হঠাৎ দুর্বল লাগাও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এসব উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে জরুরি চিকিৎসা নিতে হবে। সবার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ একই রকম হয় না, কখনো বুকে তীব্র ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে কমে যাওয়ার অপেক্ষা করবেন না। দ্রুত জরুরি চিকিৎসা নিন এবং হৃদ্রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এমন হাসপাতালে যান। প্রয়োজনে জরুরি অ্যাম্বুল্যান্সের সাহায্য নিন। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।
শীত মানেই যে হার্ট অ্যাটাক হবে, এমন নয়। তবে তাপমাত্রা কমার সঙ্গে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই আগে থেকে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি পরিবারের প্রবীণ সদস্যদের প্রতিও বাড়তি নজর দেওয়া প্রয়োজন। নিয়মিত ওষুধ গ্রহণ, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, নিরাপদ ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই শীতকালে হৃদ্যন্ত্র সুস্থ রাখার গুরুত্বপূর্ণ উপায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মায়ো ক্লিনিক





