মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লেপ-কম্বল আলমারিতে তুলে রাখার আগে যে নিয়ম মানতে ভুলবেন না

লেপ-কম্বল আলমারিতে তুলে রাখার আগে যে নিয়ম মানতে ভুলবেন না

বিদায়ের পথে শীত। ফেব্রুয়ারির শেষের দিকেই বিদায়-বাই বাই শীত। ইতোমধ্য়েই গা থেকে সোয়েটার সরিয়ে ফেলেছেন অনেকেই। রাতে শোবার সময় কম্বল কিংবা লেপ গায়ে দিলেও লাগছে গরম। তাই এবার লেপ ও কম্বল তোলার দিন চলে এসেছে। শীতের শেষে লেপ-কম্বল তোলার সময় কয়েকটা জিনিস মাথায় রাখুন। তা না হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার শীতের সঙ্গী।

শিমুল তুলোর লেপ কখনই ধোয়া বা ড্রাইওয়াশ করা যায় না। তাই লেপটাকে শুধু রোদে দিয়েই ব্যবহার করতে হবে। সুতরাং ঘরে তুলে রাখার আগে একবেলা রোদে শুকাতে দিয়ে রাখুন। আর লেপের কভার ধুয়ে নিতে পারেন। তাহলেই আপনার লেপ পরিষ্কার থাকবে। এবার লেপ ভাঁজ করে শীতের কাপড় রাখার জায়গায় রেখে দিন। সঙ্গে ন্যাপথলিন দিতে ভুলবেন না। তা ছাড়া পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ছোট ছোট পোটলা করে নিমপাতা বা কালোজিরা রেখে দিন। এতে শীতের লেপকে রক্ষা করবে।

আর কম্বল সাধারণত অনেকেই ড্রাইওয়াশ করিয়ে নেন। ইচ্ছা হলে ঘরেও কম্বল ধোয়া সম্ভব। তার জন্য লাগবে শ্যাম্পু। আর সেই শ্যাম্পু দিয়ে ১০-২০ মিনিট ভিজিয়ে রাখুন। হালকা হাতে ঘষে নিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর পানি ঝরিয়ে ছায়ায় রেখে শুকিয়ে নিন। ভাঁজে ভাঁজে ন্যাপথলিন বা নিমপাতা রাখুন।

গ্রাম-গঞ্জের প্রধান বস্ত্র নকশিকাঁথা সাধারণত পাতলা বা হালকা মোটা হয়ে থাকে। এগুলো ধোয়াও খুব সহজ। কাঁথা যে কোনো লন্ড্রি ওয়াশ বা ঘরে হ্যান্ডওয়াশ করা যায়। হ্যান্ডওয়াশ করতে চাইলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে হাতে কেচে ধুয়ে ফেলতে হবে। পোকামাকড়ের হাত থেকে দূরে রাখতে কাঁথার ভাঁজে দিতে পারেন ন্যাপথলিন, নিমপাতা বা কালোজিরা।

লেপ, কম্বল থেকে অনেকের অ্যালার্জি বা হাঁপানির সমস্যা হয়। সেই সমস্যা থেকে বাঁচতে সবসময় এসব পরিষ্কার রাখার চেষ্টা করুন। বিশেষ করে আলমারিতে তুলে রাখার আগে জায়গাটিও পরিষ্কার করে নিন। আগামী শীতের শুরুতে ব্যবহারের আগে অবশ্যই রোদে দিতে ভুলবেন না।

শেয়ার করুন