বাংলার চোখ নিউজ :
প্রতিদিন কী পোশাক পরবেন, তা ঠিক করা অনেকের জন্যই বেশ ঝামেলার কাজ। আলমারির সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ভাবার পর শেষ পর্যন্ত আগের দিনের পোশাকই পরে নেওয়া হয়। তবে গুগল ফটোসের নতুন একটি ফিচার এই কাজকে ভিডিও গেম খেলার মতো মজার করে তুলতে পারে।
ফিচারটি স্মার্টফোনে থাকা ছবিগুলো থেকে আপনার পোশাকের একটি ডিজিটাল সংগ্রহ তৈরি করবে। ফলে আলমারি থেকে পোশাক না নামিয়েই ফোনের পর্দায় বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন সাজ তৈরি করা যাবে। গুগল ফটোসের বেশ কিছু আকর্ষণীয় ফিচারের মধ্যে এটি অন্যতম।
‘ওয়ার্ড্রোব’ নামের এই ফিচারটি গুগল ফটোসের ‘কালেকশনস’ ট্যাবে পাওয়া যাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গত চার বছরের ছবি স্ক্যান করে পোশাক শনাক্ত করবে। যদিও ব্যবহারকারীর ছবিগুলো এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয় কি না, তা স্পষ্ট নয়। ফিচারটি চালু করতে আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই। এটি স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা শার্ট, প্যান্ট, জুতা ও অন্যান্য অনুষঙ্গ শনাক্ত করে আলাদা করে সাজিয়ে রাখবে।
সব পোশাকের তালিকা তৈরি হয়ে গেলে ভিডিও গেমের চরিত্রের সাজসজ্জার মতো সেগুলো মিলিয়ে নতুন পোশাক নির্বাচন করা যাবে। একবারে সর্বোচ্চ ছয়টি পোশাক বা অনুষঙ্গ মিলিয়ে নিজের পছন্দের সাজ তৈরি করা সম্ভব।
গুগল ফিচারটিতে ভিডিও গেমের মতো অভিজ্ঞতা আরও বাড়ানোর পরিকল্পনাও করতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে গুগল ফটোসের ৮.২ সংস্করণে ‘বিল্ড আ ফিট’ নামের একটি অপ্রকাশিত ফিচারের ইঙ্গিত পাওয়া গেছে। এটি চালু হলে ‘সারপ্রাইজ মি’ অপশনের মাধ্যমে ডিজিটাল ওয়ারড্রোব থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি পোশাকের সমন্বয় তৈরি করা যাবে। তবে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ডিজিটাল ওয়ার্ড্রোব কেন কাজে আসবে
ভিডিও গেমের চরিত্র তৈরির মতো করে পোশাক বেছে নেওয়ার বিষয়টি প্রতিদিনের পোশাক নির্বাচনের চেয়ে অনেক বেশি মজার হতে পারে। নিজের সব জ্যাকেট, জুতা, সোয়েটার ও সানগ্লাস ফোনের পর্দায় একসঙ্গে দেখা গেলে পছন্দের পোশাক খুঁজে পাওয়া সহজ হবে। একই সঙ্গে আলমারিতে পড়ে থাকা ভুলে যাওয়া পোশাকগুলোর কথাও মনে পড়তে পারে।
ওয়ার্ড্রোব ফিচারে পছন্দের পোশাকের সমন্বয় আলাদা নামে সংরক্ষণ করা যাবে। যেমন-ছুটি কাটাতে যাওয়া, ছুটির সকালের খাবার, রাতে বাইরে যাওয়া কিংবা অফিসে পরার জন্য আলাদা সাজ তৈরি করে রাখা সম্ভব। ফলে কোথাও যাওয়ার আগে কী পরবেন, তা নিয়ে দুশ্চিন্তা কমবে।
এতে ‘ট্রাই ইট অন’ নামের একটি সুবিধাও রয়েছে। এর মাধ্যমে নির্বাচিত পোশাক পরলে দেখতে কেমন লাগবে, তার একটি সংক্ষিপ্ত ভার্চ্যুয়াল ভিডিও তৈরি হয়। নতুন পোশাকের সমন্বয় পরীক্ষা করার এটি সহজ উপায়। বিশেষ করে কোথাও যেতে দেরি হয়ে গেলে দ্রুত পোশাক বেছে নিতে সুবিধা হবে।
তবে ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এর জন্য ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ১০ থাকতে হবে। পাশাপাশি ব্যবহারকারীকে যুক্তরাষ্ট্র, ভারত অথবা ব্রাজিলে অবস্থান করতে হবে। গুগল ফটোসে ‘ফেস গ্রুপস’ চালু থাকতে হবে এবং নিজের মুখের পরিচয় চিহ্নিত করতে হবে। এ ছাড়া গুগল এআই প্রো অথবা এআই আলট্রা সাবস্ক্রিপশন থাকতে হবে।
এসব শর্ত পূরণ হলে পোশাক নির্বাচন আর প্রতিদিনের বিরক্তিকর কাজ না হয়ে ভিডিও গেম খেলার মতো আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এমনকি এ কারণে গুগল ফটোসের বিকল্প খোঁজার আগ্রহও কমতে পারে।





