সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গুগল ম্যাপের পাঁচটি ফিচার যা ভ্রমণকে করবে আরও সহজ ও নিরাপদ

অচেনা এলাকায় ঘুরতে যাওয়া হোক বা নিজ শহরের রাস্তায় পথ খুঁজতে যাওয়া—গুগল ম্যাপ এখন আমাদের অতি প্রয়োজনীয় সঙ্গী। শুধু গন্তব্যে পৌঁছানোর নির্দেশনা নয়, এই অ্যাপের কিছু লুকানো ফিচার যাত্রাকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করে তোলে। অনেক ব্যবহারকারী এগুলো সম্পর্কে জানেন না, অথচ সেগুলো ব্যবহার করলে সময় ও ঝামেলা দুইই অনেক কমে যায়।

১. অফলাইন ম্যাপ: ইন্টারনেট ছাড়াও পথ চলা সম্ভব
ভ্রমণের সময় ইন্টারনেট সংযোগ না থাকলেও দিক হারানোর সমস্যা হবে না। নির্দিষ্ট এলাকার ম্যাপ আগে থেকে ডাউনলোড করে রাখলেই তা অফলাইনে ব্যবহার করা সম্ভব।
পদ্ধতি: গুগল ম্যাপ খুলুন → কাঙ্ক্ষিত স্থানের নাম সার্চ করুন → উপরের তিনটি ডট ট্যাপ করুন → ‘ডাউনলোড অফলাইন ম্যাপ’ নির্বাচন করুন।

২. লাইভ ট্রাফিক: যানজট বা দুর্ঘটনা এক নজরে
ঢাকা, চট্টগ্রাম মতো ব্যস্ত শহরে বের হওয়ার আগে ট্রাফিক পরিস্থিতি জানা জরুরি।
‘ট্রাফিক লেয়ার’ চালু করলে রাস্তায় যানজট বা দুর্ঘটনার অবস্থার রঙের মাধ্যমে ধারণা পাওয়া যায়—সবুজ মানে ফাঁকা রাস্তা, কমলা মানে মাঝারি ভিড়, আর লাল মানে তীব্র যানজট।

৩. লোকেশন শেয়ারিং: নিরাপদ ভ্রমণের জন্য
পরিবার বা বন্ধুর সঙ্গে আপনার অবস্থান ভাগ করা এখন খুব সহজ।
‘লোকেশন শেয়ারিং’ চালু করলে নির্দিষ্ট সময়ের জন্য রিয়েল টাইমে আপনার অবস্থান দেখা যাবে। বিশেষ করে রাতে একা ভ্রমণের সময় এটি অত্যন্ত কার্যকর।

৪. টাইমলাইন: আপনার চলাফেরার ইতিহাস সংরক্ষণ
গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপনার ভ্রমণ ইতিহাস ‘টাইমলাইন’-এ রাখে।
এতে দেখা যায় কোন দিনে কোথায় গিয়েছিলেন, কতক্ষণ অবস্থান করেছিলেন এবং যাত্রার ধরন। এটি ভ্রমণ পরিকল্পনা ও ব্যয় হিসাবের জন্যও সহায়ক।

৫. লাইভ ভিউ: বাস্তব দৃষ্টির সঙ্গে পথনির্দেশনা
অচেনা এলাকায় রাস্তা বুঝতে সমস্যা হলে ‘লাইভ ভিউ’ ফিচার কাজে আসে। ক্যামেরা চালু করলে ফোনের স্ক্রিনে বাস্তব দৃশ্যের ওপর তীরচিহ্ন ও নির্দেশনা প্রদর্শিত হয়, ফলে রিয়েল ভিউ এর সঙ্গে ম্যাপের তথ্য মিলিয়ে সহজে দিক নির্ধারণ করা সম্ভব হয়।

গুগল ম্যাপ আজকাল শুধু একটি রুট নির্দেশক নয়, বরং ভ্রমণের পূর্ণাঙ্গ সহচর। এই পাঁচটি ফিচার ব্যবহার করলে যেকোনো যাত্রা হবে আরও স্মার্ট, নিরাপদ এবং ঝামেলামুক্ত।

শেয়ার করুন