সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য অনুরোধ করছে বলেও দাবি করেছেন তিনি।

মন্ত্রিসভার বৈঠকে তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নির্মম হামলা চালাবে।

তিনি আরও বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে, তাহলে এই সংঘাত তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তবে এখনো যুদ্ধবিরতির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইরানের নৌ ও বিমানবাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তার মতে, এই হামলা না হলে ইরান দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ন্যাটো দেশগুলো কোনো সহায়তা দেয়নি এবং যুক্তরাষ্ট্রেরও কারও সাহায্যের প্রয়োজন নেই।

মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি ২৫ বছর আগেই ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছিলেন।

ইরানের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে এবং চলমান সংঘাতের চাপের মধ্যে উপসাগরীয় দেশগুলোতেও আক্রমণ করেছে। তিনি আরও দাবি করেন, ইরান ওই দেশগুলোতে বোমা হামলা চালিয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছিল।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ৯৮ শতাংশ কমে গেছে। তিনি বলেন, চার থেকে ছয় সপ্তাহে যে ফল পাওয়ার কথা ছিল, তা এর আগেই অর্জিত হয়েছে এবং তার মতে, এই পদক্ষেপ আরও ৪৭ বছর আগেই নেওয়া উচিত ছিল।

তথ্যসূত্র: সামা টিভি

শেয়ার করুন